প্রকাশিত: Fri, Feb 23, 2024 6:38 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:52 PM

[১]গৃহকর্মী আহত হওয়ার ঘটনার মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক আশফাক ও তার স্ত্রী

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম মো. জাকী আল ফারাবীর আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে মোহাম্মদপুরে ৮ তলা থেকে নিচে পড়ে গৃহকর্মী আহতের ঘটনায় দায়ের হওয়া মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। এ সময় মামলার বাদী জোছনা বেগম ও আসামি পক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার আদালতে উপস্থিত ছিলেন।

[৩] সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকতা এস আই হেলাল উদ্দিন ‘আমাদের নতুন সময়’কে এসকল জানিয়েছেন।  

[৪] ৪ আগস্ট, ২০২৩ রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আশফাকুল হকের বাসার ৮ তলা থেকে পড়ে আহত হয় ফেরদৌসী নামে এক গৃহকর্মী। এ ঘটনায় আহতের মা জোছনা বেগম বাদী হয়ে সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামে এক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] মামলায় মা জোছনা বেগম অভিযোগ করেন মামলার ৩ নম্বর আসামি আসমা আক্তার শিল্পীর বাসায় তার বড় মেয়ে কাজ করতো। এক মাস আগে বড় মেয়ে ওই বাসা থেকে গ্রামে চলে আসে। এরপর শিল্পী তার মেঝো মেয়ে ফেরদৌসীকে তার বাসায় কাজের কথা বলে নিয়ে যায়। ০১ আগস্ট, ২০২৩ বাদীকে কিছু না জানিয়ে ফেরদৌসীকে মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বাসায় কাজ করতে পাঠায় শিল্পী। সেখানেই তার মেয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

[৬] বর্তমানে অপর গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আশফাক ও তার স্ত্রী কারাগারে রয়েছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী